রাজধানীর বংশাল থেকে দেড় হাজার পিস নেশা জাতীয় মাদকদ্রব্য বিউপ্রেনোফিন ইনজেকশন উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন-মোঃ মনির হোসেন কুরবান ও মোঃ শাহেদ হোসেন।
রবিবার ডিএমপির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় বংশাল থানার ২৪ আগামাসী লেনের সিটি “ল” কলেজের মেইন গেটের সামনে হতে তাদের গ্রেফতার করা হয়।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা নেশা জাতীয় অবৈধ মাদকদ্রব্য ইনজেকশন নিয়ে বিক্রয় করার উদ্দেশ্যে সমবেত হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ উক্ত স্থানে উপস্থিত হলে তারা পালানোর চেষ্টা করলে আটক হন। এসময় মনির হোসেনের হাতে থাকা শপিং ব্যাগ হতে ৮০০ পিস ও শাহেদ হোসেনের কাছ থেকে৭০০ পিস বিউপ্রেনোফিন ইনজেকশন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় উক্ত মাদকদ্রব্য সরবরাহ করে থাকে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বংশাল থানায় একটি মামলা করা হয়েছে।
