জঙ্গি ও সন্ত্রাস দমনে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে নতুন একটি মোবাইল অ্যাপ চালু করছে পুলিশ। এর মাধ্যমে তথ্যদাতা সন্দেহভাজন জঙ্গি তৎপরতার ছবি, অডিও ও ভিডিও পুলিশকে পাঠাতে পারবেন।
এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, হ্যালো সিটি অ্যাপসে সাধারণ মানুষ জঙ্গি ও সন্ত্রাসবাদ, সাইবার ক্রাইম, বোমা-বিস্ফোরক-অস্ত্র-মাদক এবং আন্তঃমহাদেশীয় সন্ত্রাস সম্পর্কে তথ্য জানাতে পারবে। তথ্য দাতাদের নাম পরিচয় গোপন রাখা হবে। এই অ্যাপসে পাওয়া তথ্য তদন্ত করে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।
আজ রবিবার সকালে (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) ডিএমপির মিডিয়া সেন্টারে পুলিশের নতুন অ্যাপস হ্যালো সিটি’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশের আইজি এ কে এম শহীদুল হক, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, কাউন্টার টেররিজম ইউনিটের অ্যাডিশনাল কমিশনার মনিরুল ইসলাম।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ নিশ্চিহ্ন করা হবে। তিনি বলেন, আমাদের পুলিশ অত্যন্ত দক্ষ ও দেশপ্রেমিক। আপনারা দেখেছেন গুলশান ও শোলাকিয়ায় তারা অত্যন্ত বীরত্বের সঙ্গে জঙ্গিদের মোকাবেলা করেছেন। সেসব জায়গায় চারজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। পুলিশ জঙ্গি ও সন্ত্রাস দমনে আরো সফল হবে।IMG0
পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক অনুষ্ঠানে বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ, অপরাধ দমনে সরকার সুদৃঢ়। আর এগুলো উপড়ে ফেলার জন্য বাংলাদেশ পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ। নাগরিকরা জানেন, সমাজে কে জঙ্গি, কারা এদের আশ্রয় ও অর্থদাতা। কিন্তু বিড়ম্বনা তথা তথ্য দাতার পরিচয় প্রকাশ পাওয়ার ভয়ে অনেকে তথ্য দিতে চান না। এ অ্যাপস মোবাইল ফোনে ডাউনলোড করে এর মাধ্যমে নিজের পরিচয় গোপন রেখে যে কেউ জঙ্গিদের সম্পর্কে পুলিশকে তথ্যাদি দিতে পারবে।
এই অ্যাপসটির মাধ্যমে জঙ্গিবাদ/উগ্রবাদ, সাইবার ক্রাইম, বোমা/ বিস্ফোরক/ অস্ত্র/ মাদক, আন্তঃদেশীয় অপরাধ/জালিয়াতি ও মোস্ট ওয়ান্টেড ব্যক্তি সম্পর্কে তথ্য দেয়া যাবে।
প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড ফোনে গুগল প্লে স্টোর থেকে ‘‘Hello CT’’ নামের অ্যাপটি ডাউনলোড করা যাবে। খুব শিগগিরই iphone ব্যবহারকারী Apple Store এবং Windows ব্যবহারকারী windows version ব্যবহার করে এটি ডাউনলোড করতে পারবেন বলে জানানো হয়েছে।
