ভারি মৌসুমি বৃষ্টির কারণে বাংলাদেশ, ভারতে আসাম রাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চল এবং পাকিস্তানে ৫০ জনের বেশি মানুষ মারা গেছে বলে জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট। দক্ষিণ এশিয়ার এই তিন দেশের মধ্যে বাংলাদেশে ১৪ জনের মৃত্যু হয়েছে, ভারতে আসাম রাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলে মারা গেছে ১৭ জন এবং পাকিস্তানে ২১ জন মারা গেছে। সেই সঙ্গে এই অঞ্চলের কয়েক লাখ মানুষ বাড়ি-ঘর হারিয়েছে।
ভারি বর্ষণে আক্রান্ত হয়েছে দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশ। গত এক সপ্তাহের মধ্যে শুধু নেপালে ভারি বর্ষণের কারণে ভূমি ধস ও পাহাড়ি ঢলে মারা গেছে ৬৮ জন।
আসামে পানি সম্পদ মন্ত্রী জানান, রাজ্যের মধ্যে দিয়ে যাওয়া নদীগুলোর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আসাম ভ্রমণ করে সেখানে জরুরি ত্রাণ সাহায্য প্রদানের আহ্বান জানিয়েছেন।
পাকিস্তানে ভারি বর্ষণে হওয়া পাহাড়ি ঢলে এক বর যাত্রীবাহী বাস পাহাড় থেকে ছিটকে পরে। এ ঘটনায় কতজন মারা গেছে তা নিশ্চিত করতে পারেনি স্থানীয়রা। তারা জানিয়েছে, বাসটিতে ২০ জনের বেশি যাত্রী ছিল।
বাংলাদেশে পদ্ম, যমুনাসহ অধিকাংশ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে বন্যার্তদের মধ্যে ত্রাণ সাহায্য পৌঁছানোর নির্দেশ দিয়েছেন। রবিবার দেয়া এক ভাষণে তিনি দেশবাসীকেও বন্যার্তদের সাহায্যের আহ্বান জানান।
