নারী বিগ ব্যাশ লিগে দুজন অস্ট্রেলিয়ান নারী হকি তারকা খেলতে আগ্রহ প্রকাশ করেছেন। এদের মধ্যে একজন হলেন সাবেক জাতীয় হকি দলের তারকা খেলোয়াড় কেট হলিউড।
সূত্রমতে জানা গেছে, সিডনি সিক্সার্স অথবা সিডনি থান্ডারের সাথে তার চুক্তির বিষয়টি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দ্বিতীয়জন হলেন আরেক সাবেক হকি তারকা মাথিলডা কারমাইকেল। পার্থ স্কোরচার্সের হয়ে তিনি মাঠে নামতে যাচ্ছেন বলে ইঙ্গিত পাওয়া গেছে।
কমনওয়েলথ গেমসে দুইবার স্বর্ণ পদক জয়ী ও ২০০৮ বেইজিং অলিম্পিকে অংশগ্রহণকারী হলিউড নিউ সাউথ ওয়েলসে ক্রিকেট খেলে থাকেন। ৩০ বছর বয়সী এই তারকা বলেছেন ক্রিকেট ও হকি প্রায় একই চরিত্রের খেলা।
নিউজ লিমিটেডকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, ‘ক্রিকেট একটি আকর্ষণীয় ইভেন্ট, আমি মনে করি হকির সাথে এর অনেক ক্ষেত্রেই মিল আছে। আমি যেহেতু দীর্ঘদিন হকি খেলেছি এবং এর পুরো পরিবেশ সম্পর্কে পরিচিত সেকারণেই ক্রিকেটের প্রতি আমার আগ্রহ সৃষ্টি হয়েছে। এখানেও একটি দল হিসেবে খেলার আনন্দই আলাদা। সবাই একসাথে সবকিছু উপভোগ করার সুযোগ পায় যা খুবই গুরুত্বপূর্ণ।
এদিকে পার্থে মহিলা ক্লাব ক্রিকেটে খেলার সুবাদে স্কোরচার্সের নজড় পড়ে কারমাইকেলের ওপর। ২২ বছর বয়সী এই অল রাউন্ডার রিও অলিম্পিকে হকিরুস থেকে সুযোগ হারানোর পরে স্কোরচার্সের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন।
