ম্যাক্সওয়েল ছাড়াই অস্ট্রেলিয়ার দল ঘোষণা

আপডেট : ৩১ জুলাই ২০১৬, ১৭:০৫
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। আর দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ গ্লেন ম্যাক্সওয়েল। ২০১২ সালে ম্যাক্সওয়েলের অভিষেকের পর থেকে এমন ঘটনা এবারই প্রথম। সীমিত ওভারের ম্যাচে কখনোই বাদ দেয়া হয়নি তাকে। তিনি ছাড়াও বাদ পড়েছেন  স্কট বোল্যান্ড এবং ট্রাভিস হেড।
 
১৫ সদস্যের দলের নেতৃত্বে থাকছেন যথারীতি স্টিভেন স্মিথ। দলে ঢুকেছেন মইসেস হেনরিকস এবং শন মার্শ। ম্যাক্সওয়েল সবশেষ ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রি-দেশিয় সিরিজে দলের একাদশে ছিলেন।
 
সেই সিরিজে ৫টি ম্যাচ খেলা ম্যাক্সওয়েল বল হাতে তিন উইকেট নিলেও ব্যাট হাতে ছিলেন ব্যর্থ। একটি ম্যাচে ব্যাট হাতে নামা হয়নি তার। বাকি চার ইনিংসের স্কোরগুলো ছিল ৪, অপরাজিত ৪৬, ৩ এবং ০।
 
২১ আগস্ট প্রথম ওয়ানডেতে নামবে অস্ট্রেলিয়া। ২৪, ২৮ ও ৩১ আগস্ট পরের তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে স্মিথ বাহিনী। ০৪ সেপ্টেম্বর নিজেদের শেষ ওয়ানডে ম্যাচে মাঠে নামবে অজিরা। এরপর ০৬ ও ০৯ সেপ্টেম্বর দুটি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেবে সফরকারীরা।
 
অস্ট্রেলিয়া দল:
স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, জর্জ বেইলি, নাথান কোল্টার-নাইল, জেমস ফকনার, অ্যারন ফিঞ্চ, জোস হ্যাজেলউড, মইসেস হেনরিকস, উসমান খাজা, মিচেল মার্শ, শন মার্শ, নাথান লিয়ন, মিচেল স্টার্ক, ম্যাথু ওয়েড, অ্যাডাম জাম্পা।
 
ক্রিকইনফো