প্রতিবন্ধীরা জাতীয় উন্নতিতে অবদান রাখতে পারবে: মেনন

আপডেট : ৩১ জুলাই ২০১৬, ১৭:০৬
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, 'প্রতিবন্ধীরা আমাদের বোঝা নয়, তাদেরকে যথাযথভাবে পরিচর্যা, শিক্ষা ও প্রশিক্ষণ দিলে তারাও দেশের সম্পদ হয়ে উঠবে। জাতীয় অগ্রগতি ও উন্নতিতে অবদান রাখতে পারবে।'
 
তিনি বলেন, 'প্রত্যেক শিশু বিশেষ গুণাবলী ও বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে। প্রতিবন্ধীরাও তার ব্যতিক্রম নয়। আমাদের কাজ হল তার সুপ্ত প্রতিভাকে আবিষ্কার করে তার লালন করা।'
 
মন্ত্রী রবিবার সকালে রাজধানীর বিজয়নগরে ঢাকা বধির হাইস্কুল প্রাঙ্গণে এক আনন্দ র‌্যালিতে বক্তৃতাকালে একথা বলেন। রাশেদ খান মেনন বলেন, 'এই তাগিদ থেকে বাক, শ্রবণ ও মানসিক প্রতিবন্ধীদের জন্য ঢাকার বিজয়নগরে অবস্থিত ঢাকা বধির হাইস্কুলটিকে জাতীয়করণ করা হয়েছে।'
 
ঢাকা-৮ আসানের সংসদ সদস্য বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের নির্বাচনী প্রতিশ্রুত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অনুগ্রহে এ স্কুলটি জাতীয়করণ হয়েছে। মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
 
এ উপলক্ষে রবিবার সকালে স্কুল প্রাঙ্গণ থেকে এক আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালির নেতৃত্ব দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননি এমপি। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।