বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, 'বিদেশী ব্যবসায়ী ও কূটনীতিকদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।' সরকারের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ফলে পরিস্থিতি এখন প্রায় স্বাভাবিক এ কথা উল্লেখ করে তিনি বলেন, 'আশা করা হচ্ছে আগামীতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর ঘটবে না।'
বাণিজ্যমন্ত্রী রবিবার ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইউরোপিয়ন ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরি মায়াউডনের এর নেতৃত্ব সাক্ষাৎ করতে আসা কূটনীতিক ও ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, 'সন্ত্রাসের বিরুদ্ধে দেশবাসী এখন ঐক্যবদ্ধ। ধর্মের নামে যারা এ সব সন্ত্রাসী কার্যকলাপ করছে, সে বিষয়ে দেশের আলেম সমাজও ইতোমধ্যেই বিবৃতি দিয়েছে, মসজিদে মসজিদে সন্ত্রাসের বিরুদ্ধে বয়ান হচ্ছে। তাই বাংলাদেশে বিদেশীদের উদ্বিগ্ন হবার কোন কারণ নেই।'
বাণিজ্যমন্ত্রী বলেন, 'বাংলাদেশে বিদেশী ব্যবসায়ী, কূটনীতিক বা মধ্যস্থতাকারী সকলেই নিরাপদে থাকবেন এবং বাণিজ্য বিনিয়োগের কাজ স্বাভাবিক ভাবেই করবেন।' বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে বাংলাদেশের বাণিজ্য-বিনিয়োগে এর কোন প্রভাব পড়বে না।
তোফায়েল আহমেদ জানান, সাক্ষাতকালে কূটনীতিক ও ব্যবসায়ীরা জঙ্গিদেরও বিরুদ্ধে সরকারের গৃহীত কঠোর পদক্ষেপ গ্রহণে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি এ বিষয়ে দেশের প্রচার মাধ্যমগুলোর সহযোগিতার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব আরোপ করেন।
ইউরোপিয়ান ইউনিয়নের সাথে চলমান বাণিজ্য অব্যাহত ও জোরদার করার জন্য কূটনীতিক ও ব্যবসায়ীগণ বাণিজ্যমন্ত্রীর কাছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ ও ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টির আহ্বান জানালে তোফায়েল আহমেদ বলেন, 'সরকার ইতোমধ্যে কার্যকর সকল ব্যবস্থা গ্রহণ করেছে। গুলশানের অনাকাঙ্ক্ষিত ঘটনার পর সন্ত্রাসীদের একাধিক পরিকল্পনা নস্যাৎ করে দেওয়া হয়েছে।'
