জাহাজ বাড়ির মালিকের ছেলে সহ ৪ জন কারাগারে

আপডেট : ৩১ জুলাই ২০১৬, ১৯:০৫
রাজধানীর কল্যাণপুরের জাহাজ বিল্ডিং খ্যাত তাজ মঞ্জিল থেকে বাড়ি মালিকের ছেলে, কেয়ারটেকার সহ চারজনকে কারাগারে পাঠিয়েছে ঢাকা মুখ্য মহানগর বিচারিক আদালত। দুই দিনের রিমান্ড শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
 
কারাগারে প্রেরণ করা ব্যক্তিরা হচ্ছেন বাড়ির মালিক মমতাজ বেগমের ছেলে অ্যাডভোকেট মাজহারুল ইসলাম জুয়েল, কেয়ারটেকার মাহফুজুল আনসারী ও দুইজন মেস বোর্ডার রাকিব, মোমিন। মিরপুর মডেল থানার এসআই ফজলার রহমান ইত্তেফাককে জানিয়েছেন, কল্যাণপুরের জাহাজ বাড়িতে অভিযানে ৯ জঙ্গি নিহত হওয়ার পরে গত ২৮ জুলাই তাদের গ্রেফতার করা হয়। রবিবার আবার তাদের আদালতে উপস্থাপন করা হলেও আবার রিমান্ড চাওয়া হয়নি। আদালত তাদের কারাগারে পাঠায়।
 
উল্লেখ্য, এই ঘটনায় বাড়ির মালিক মমতাজ বেগম এখনো রিমান্ডে আছেন। কল্যাণপুরের ৫ নম্বর সড়কে এই ভবনের পঞ্চম তলায় গত ২৬ জুলাই ভোর রাতে পুলিশ অভিযান চালায়। অভিযানে ৯ সন্দেহভাজন জঙ্গি মারা যায়। এছাড়া হাসান নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে পুলিশ। এরপরই ওই ভবনের মালিকের স্ত্রী ও ছেলেসহ পাঁচ জনকে আটক করা হয়।