শেরপুরে কলেজছাত্রীকে ধর্ষণের দায়ে তিন যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়া ওই ছাত্রীকে অপহরণের মামলায় আসামিদের ১৪ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।
রবিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক কিরণ শংকর হালদার আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন সদর উপজেলার গণইবরুয়াপাড়া গ্রামের প্রয়াত ইদ্রিছ আলীর ছেলে চান মিয়া (৩৫), একাব্বর আলীর ছেলে নজু শেখ (২৭) ও মফিজ শেখের ছেলে শামীম (২২)। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামি রসুল ও ইয়াকুবকে খালাস দিয়ে করে আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম কিবরিয়া বুলু বলেন, ২০১৫ সালের ২৬ জুলাই রাতে শেরপুর শহর থেকে বই কিনে বাড়ি ফেরার পথে দণ্ডিতরা কলেজছাত্রীকে অপহরণ করে। পাশের ক্ষেতে নিয়ে ধর্ষণের পর তার আত্মীয়ের বাসায় রেখে যায় তারা।
এ ঘটনায় পরদিন ওই ছাত্রী শেরপুর সদর থানায় একটি মামলা করেন। গত বছরের ২৫ নভেম্বর পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
