মিরপুর একাডেমি মাঠে ৪টি টুডি ক্যামেরার পাশাপাশি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বোলিং অ্যাকশন রিভিউ কমিটির বিশেষজ্ঞরা। যান্ত্রিক ও জীবন্ত চোখের সামনে ৪ ওভার বোলিং করলেন তাসকিন আহমেদ। আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ তাসকিনের অ্যাকশন শোধরানোর অগ্রগতি দেখতেই এই আয়োজন।
রবিবার দুপুরে একাডেমি মাঠে ক্যামেরাবন্দি হলো তাসকিনের বোলিং। টানা ৪ ওভার বোলিং করলেন তরুণ ফাস্ট বোলার।
তার ভিডিও ধারণের তত্ত্বাবধানে ছিলেন বিসিবি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) ম্যানেজার নাসির আহমেদ নাসু। জাতীয় দলের দীর্ঘদিনের এই কম্পিউটার অ্যানালিস্ট জানালেন, চূড়ান্ত বোলিং পরীক্ষার আগে পরখ করে নিতেই এই ভিডিও আয়োজন।
তিনি বলেন, “অনেক দিন রিহ্যাবের পর আজকে আমরা প্রফেশনাল ভাবে ওর ফুটেজ নিলাম। এগুলো আমরা বিশ্লেষণ করব। বোলিং টেস্টের জন্য পাঠানোর আগে দেখে নিচ্ছি কি অবস্থা। যে সমস্ত রিহ্যাব করা হয়েছে, সেগুলো দেখে নিচ্ছি কি অবস্থায় আছে। ফুটেজগুলো যাচাই করে আমরা বুঝতে পারব আবার পরীক্ষার দরকার আছে কিনা।”
ভিডিও ধারণের পুরো সময়টাই সতর্ক দৃষ্টিতে পর্যবেক্ষণ করেছেন বোলিং অ্যাকশন রিভিউ কমিটির দুই সদস্য গোলাম ফারুক সুরু ও ওমর খালেদ রুমি। খালি চোখে দেখে রুমির কোনো সংশয়ই নেই যে শুধরে গেছে তাসকিনের অ্যাকশন।
তিনি বলেন, ‘খালি চোখে যা দেখেছি মনে হচ্ছে একদম পারফেক্ট। কোনো সমস্যা নেই। আগে যা দেখছি, তখনও সমস্যা মনে হয়নি। জানি না কেন সাসপেক্ট করেছিল ওকে। যাই হোক, আজকে একদম পারফেক্ট।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পর আইসিসির বোলিং পরীক্ষায় সমস্যা ধরা পড়েছিল তাসকিনের স্লোয়ার বাউন্সারে। এদিন তাসকিনের বাউন্সার দেখেও সমস্যা চোখে পড়েনি সাবেক অলরাউন্ডার রুমির।
তিনি বলেন, ‘বাউন্সারে সমস্যা ছিল বলা হচ্ছে। আজকে দেখলাম বাউন্সারও নির্মল, একেবারে সুন্দর। কোনো সমস্যা দেখছি না। মাঠে নামলেও কোনো সমস্যা থাকবে বলে মনে হয় না।’
