বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসছে তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হল তমা গ্রুপ, ম্যাক্স গ্রুপ ও ইমপ্রেস গ্রুপ।
রবিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজি সালাউদ্দিনের সঙ্গে তার ব্যক্তিগত কার্যালয়ে এক আলোচনায় বসেন প্রতিষ্ঠানগুলোর কর্ণধাররা। আলোচনার পর তারা নীতিগতভাবে একমত হন যে, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের উন্নয়নে তাদের প্রতিষ্ঠানের সম্পৃক্ততা থাকবে।
আগামী ৮ আগস্ট এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলেও জানানো হয়। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন আলোচনা শেষে উপস্থিত সংবাদ কর্মীদের জানান, তিনি চান জাতীয় ফুটবল দলের নির্বিঘ্নে পদচারণা। বিশেষ করে জাতীয় ফুটবল দলের বিদেশি কোচ, ট্রেনার, গোলকিপিং কোচ, টেকনিক্যাল ডাইরেক্টর এসব খাতে বাফুফের বড় অঙ্কের অর্থ প্রয়োজন। তাই দেশের স্বনামধন্য কয়েকটি প্রতিষ্ঠানের সম্পৃক্ততা চেয়েছিল বাফুফে। সেই লক্ষ্যেই বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে সাহায্য করতে রাজি হয়েছে প্রতিষ্ঠানগুলো। সবার মতো তারাও চান আরও বিস্তৃত হোক বাংলাদেশ ফুটবল দলের দিগন্ত।
ম্যাক্স গ্রুপের কর্ণধার ইঞ্জিনিয়ার গোলাম মো. আলমগীর এ প্রসঙ্গে বলেন, আমি ফুটবলের ও সালাউদ্দিনের একজন ভক্ত। তার মতো আমিও বিশ্বাস করি বাংলাদেশ ফুটবলের সম্ভাবনার কথা। আমরা নীতিগতভাবে বাংলাদেশ ফুটবল দলের সঙ্গে সম্পৃক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশ এশিয়ান কাপে খেলবে বলে আমি বিশ্বাস করি। আমরা দীর্ঘমেয়াদি চুক্তি চাই। আর এ ব্যাপারে ৮ আগস্ট বিস্তারিত জানাতে পারবো।
তমা গ্রুপের চেয়ারম্যান আতিকুর রহমান ভূঁইয়া মানিকের গলায়ও একই সুর। তিনি বলেন, ফুটবল উন্নয়নে চাই সমন্বিত প্রয়াস। তাই ফুটবলের উন্নয়নে অবদান রাখতে চাই বলেই এসেছি ফুটবল অঙ্গনে। আশা করি, এ প্রয়াস বিফলে যাবে না।
