গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পাকিস্তানের ক্রিকেট কিংবদন্তি হানিফ মোহাম্মদ। দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছেন ৮১ বছর বয়সী এ ব্যাটিং লিজেন্ড। শ্বাসকষ্টজনিত কারণে রবিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডন’।
তিন বছর আগে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হন তিনি। দুই সপ্তাহ শ্বাস-প্রশ্বাস সমস্যার সঙ্গে লড়াইয়ের পর হানিফকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। লন্ডনে তার সার্জারি করার পর তা রোগ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও সময়ের সঙ্গে ক্যান্সার ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন তার ছেলে শোয়েব মোহাম্মদ।
তিনি বলেন, ‘আমরা সবশেষ বায়োপসি রিপোর্ট লন্ডনে ডাক্তারের কাছে পাঠিয়েছি। তিনি আমাদের বলেছেন পরবর্তী চিকিৎসার জন্য কেমোথেরাপি কার্যকরী হবে না। নতুন চিকিৎসা অনেক ব্যয়বহুল এবং তার পক্ষে অর্থের ব্যবস্থা করাটা কঠিন হবে। বর্তমান চিকিৎসা ব্যয় আগের চেয়ে দ্বিগুণ। তার সুস্থতার জন্য আমরা সরকারের সাহায্য চাই।’
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দেশের ক্রিকেট কিংবদন্তির চিকিৎসা বাবদ সব খরচ বহন করার নির্দেশ দিয়েছেন।
হানিফ মোহাম্মদ পাকিস্তানের জার্সি গায়ে খেলেছেন ৫৫টি টেস্ট। রান ৪৩.৯৮ গড়ে ৩৯১৫। ১৫টি অর্ধশতকের সঙ্গে রয়েছে ১২টি সেঞ্চুরি। আর প্রথম শ্রেণির ক্রিকেটে ২৩৮ ম্যাচে তার ব্যাট থেকে আসে ১৭০৫৯ রান। ব্যাটিং গড় ৫২.৩২।
