গাছের চারাই জঙ্গিবাদের বিরুদ্ধে নীরব প্রতিবাদ: খালিদ মাহমুদ

আপডেট : ৩১ জুলাই ২০১৬, ২১:২৯
জঙ্গিবাদের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ হয়েছে দিনাজপুরে। রবিবার জেলার বোচাগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশে এ সবুজ বিপ্লবে ৫ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়। 
 
এছাড়াও এদিন উপজেলার মুর্শিদহাট ইউনিয়নের কয়েক কিলোমিটার সড়কে শোভা বর্ধনকারী জারুল গাছের চারা রোপন কর্মসূচির উদ্বোধন হয়। ‘জঙ্গিবাদের বিরুদ্ধে সবুজ বিপ্লব’- অভিনব এ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে উপজেলার শিক্ষার্থীরা অংশ নেয়। জঙ্গিবাদের বিরুদ্ধে শান্তির প্রতীক গাছের চারা না পেয়ে অনেক শিক্ষার্থীকে মন খারাপ করতেও দেখা গেছে।
 
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় এমপি খালিদ মাহমুদ চৌধুরী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। তিনি বলেন, রক্তাক্ত বাংলায় শান্তির প্রতীক হিসেবে এ সবুজ বিপ্লবই জঙ্গিবাদের বিরুদ্ধে মানবতার প্রতিবাদ। জঙ্গিবাদ সন্ত্রাসবাদ সৃষ্টি করে যারা সোনার বাংলাকে হুমকির দিকে ঠেলে দিচ্ছে তাদের বিরুদ্ধে এ প্রতিবাদ। জঙ্গিবাদ সন্ত্রাসবাদ সৃষ্টি করে দেশের উন্নয়নে যারা বাধা হতে চায়, যারা তরুণদের বিপথে নিয়ে যেতে চায় আমাদের এক একটি গাছ হবে এসব জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের বিরুদ্ধে নীরব প্রতিবাদ। উপজেলার প্রত্যেককে গাছ লাগিয়ে সবুজ বনায়ন আন্দোলনের অংশীদার হওয়ার আহ্বান জানা তিনি।
  
উপজেলা পরিষদের অর্থায়নে সবুজ বোচাগঞ্জ আন্দোলন-২০১৬ উপলক্ষে এ আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু সভাপতিত্ব করেন।