শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, 'টেকসই উন্নয়ন (এসডিজি) লক্ষ্যমাত্রা অর্জনে নারীর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের উপর বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।'
তিনি বলেন, 'নারীর ক্ষমতায়ন বর্তমান সরকারের রাজনৈতিক অঙ্গীকার। নারীদের উন্নয়নের মূলক কাজে সম্পৃক্ত করার লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশন তৃণমূল পর্যায় থেকে নারী উদ্যোক্তা তৈরির ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।'
শিল্পমন্ত্রী রবিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে এসএমই'র উদ্যোগে তিন দিনব্যাপী 'প্রেরণার প্রকাশ ফ্যাশন কনসেপ্ট এক্সিবিশন' উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
'তৈরি পোশাক শিল্প নারীর ক্ষমতায়নের অন্যতম চালিকা শক্তি' উল্লেখ করে আমু বলেন, 'নারীরা তাদের মেধা ও মননশীলতার প্রকাশ ঘটিয়ে উৎকর্ষতা বৃদ্ধি করছে। এর মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হয়েছে । সরকারি পৃষ্ঠপোষকতা, উদ্যোক্তাদের দক্ষতা ও মনোবলের কারণে বিশ্বমন্দার মাঝেও বাংলাদেশের তৈরি পোশাক শিল্পখাতে ইতিবাচক প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে বলে তিনি বলেন।'
বর্তমানে দেশের গার্মেন্ট শিল্প কারখানাগুলোতে ৪০ লাখেরও বেশি শ্রমিক কাজ করছে। এরমধ্যে শতকরা ৮০ ভাগ নারী এ কথা উল্লেখ করেন তিনি বলেন, '২০২১ সালে এ শিল্পখাতে ৫০ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বর্তমান সরকার কাজ করছে।'
এসময় আমির হোসেন আমু বলেন, 'বিদেশি জনবলের উপর নির্ভর করে কোনো শিল্প টেকসই হতে পারে না। দেশেই যোগ্য ও দক্ষ জনবল তৈরি হলে এ খাতে কর্মরত দেশি জনবলের জায়গায় দেশীয় জনশক্তির পুনর্বহাল ঘটবে। এতে করে দেশের টাকা দেশেই থাকবে। পাশাপাশি বাংলাদেশ থেকে দক্ষতাসম্পন্ন জনবল বিদেশে রপ্তানি করা যাবে। ফলে আমাদের সরকারের রেমিট্যান্সের পরিমাণও বাড়বে। এ লক্ষ্যে সরকারি ও বেসরকারি যৌথ প্রচেষ্টায় কাজ চলছে বলেও জানান তিনি।
দ্বিতীয়বারের মতো এ পোশাক প্রদর্শনীতে দেশের বিভিন্নস্থান থেকে ৪১ জন উদ্যোক্তা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শনী করেন। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এটি চলবে।
উল্লেখ্য, শিল্পমন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান এসএমই ফাউন্ডেশন এসএমই পোশাক ডিজাইনারদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে।
