‘ভোগ থেকেই আমার সাথে যোগাযোগ করা হয়’

আপডেট : ০১ আগস্ট ২০১৬, ১১:০১
 
বিশ্বসেরা ম্যাগাজিন ‘ভোগ’। গুগলে সার্চ দিলেই ম্যাগাজিনের কাভারে দেখা যায় হলিউড বলিউডের বিখ্যাত মুখগুলো। সেই তালিকায় এবার যুক্ত হলেন জান্নাতুল পিয়া। এই প্রথম ‘ভোগ’ ম্যাগাজিনের কাভারে বাংলাদেশের কোনো নারী মডেল কাজ করলেন। সম্প্রতি শ্যুট শেষ করে দেশে ফিরেছেন তিনি। সেই প্রসঙ্গ নিয়ে কথা বললেন বিনোদন প্রতিদিনের সাথে। সাক্ষাৎকার নিয়েছেন মোস্তাফিজ মিঠু।
 
প্রথম কোনো নারী মডেল হিসেবে ‘ভোগ’ ম্যাগাজিনের কাজ করলেন। অবশ্যই অনেক ভালোলাগার একটি বিষয়। আপনার কাছ থেকেই জানতে চাচ্ছি—
 
হ্যাঁ, অনেক ভালোলাগা কাজ করছে। এর আগেও আন্তর্জাতিক অঙ্গনে কাজ করেছি। এবারের ভালোলাগাটা অনেককিছুর চেয়েই ভিন্ন। ‘ভোগ’ বিশ্বের বেস্ট ম্যাগাজিনগুলোর একটি। তাই কাজটি নিজের ক্যারিয়ারের জন্যও ইতিবাচক। ম্যাগাজিনটির অক্টোবর সংখ্যার প্রচ্ছদে থাকছি আমি।
 
কিভাবে তাদের সাথে যোগাযোগ হলো?
 
‘ভোগ’ ম্যাগাজিনের সংশ্লিষ্টরা বাংলাদেশের বেশ কয়েকজন মডেলের প্রোফাইল দেখেন। তারপর তারা অনলাইন থেকে আমার প্রোফাইল দেখে পছন্দ করেন। এরপর দেশের কয়েকজন ফটোগ্রাফারের সাথে যোগাযোগ করেন তারা। সেখান থেকে আমার সাথে যোগাযোগ করা হয়।
 
ফটোশ্যুট কোথায় হলো?
 
মুম্বাইতে হয়েছে। গত সপ্তাহে দু’দিনের জন্য আমি মুম্বাই যাই। সেখানেই শ্যুট হয়।
 
পর্দায় আপনাকে অনেকদিন দেখা যাচ্ছে না। কারণ?
 
আমি আইনজীবী ড. কামাল হোসেনের সহকারি হিসেবে কাজ করছি। তাই সেভাবে পর্দায় উপস্থিত হওয়া হচ্ছে না। তবে একটি নাটকে কাজ করেছি। নিয়মিত কাজ করা এখন সম্ভব হচ্ছে না।
 
চলচ্চিত্রের ক্ষেত্রেও কি তাহলে বিরতিতে থাকবেন?
 
আমি ঠিক বিরতিতে যাচ্ছি না। কাজ কম করা হচ্ছে। ‘ছিটমহল’ ছবির কাজ তো শেষ করলাম। শিগগিরই মুক্তি পাবে। নতুন একটি ছবির কথা চলছে। কিন্তু এখনো চূড়ান্ত কিছু হয়নি। চূড়ান্ত হলে সবাইকে জানাবো।