বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য শওকত মাহমুদের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে করা আবেদন মঞ্জুর করেছে হাইকোর্ট।
আদেশে বলা হয়, শওকত মাহমুদ চিকিৎসার জন্য ৪০ দিন দেশের বাইরে অবস্থান করতে পারবেন।
সোমবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি জে.বি.এম হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এই আদেশ দেয়।
আদালতে শওকত মাহমুদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট আ.জ.ম মোরশেদ আল মামুন, এম মাসুদ রানা ও মোস্তাফিজুর রহমান।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল শেখ একেএম মনিরুজ্জামান কবির ও সহকারী অ্যাটর্নি জেনারেল শহিদুল ইসলাম খান।
অ্যাডভোকেট মাসুদ রানা জানান, শওকত মাহমুদকে জামিন দেয়ার সময় হাইকোর্ট শর্ত দিয়েছিল বিদেশ যেতে হলে আদালতের অনুমতি নিতে হবে। সে অনুযায়ী চিকিৎসার জন্য বিদেশ গমনে ২৮ জুলাই হাইকোর্টে আবেদন করেন শওকত মাহমুদ। আজ আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দিয়েছে।
