শাজনীন ধর্ষণ ও হত্যা মামলার আপিলের রায় আজ

আপডেট : ০২ আগস্ট ২০১৬, ০০:২৪
প্রায় দেড় যুগ আগে গুলশানের নিজ বাড়িতে শাজনীন তাসনিম রহমানকে ধর্ষণ ও হত্যার মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির আপিলের ওপর আগামীকাল মঙ্গলবার রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আপিল বিভাগের দৈনন্দিন কার্যতালিকার এক নম্বর ক্রমিকে রয়েছে মামলাটি। গত ১১ এপ্রিল আপিলের ওপর শুনানি গ্রহণ করে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ বিষয়টি রায়ের জন্য অপেক্ষমান (সিএভি) রেখেছিলেন। তিন মাস পর আসামিদের আপিল রায় ঘোষণার জন্য কার্যতালিকায় অন্তর্ভুক্ত হলো। বেঞ্চের অপর সদস্যরা হলেন, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি মোহাম্মদ ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার।
 
মামলার নথি থেকে জানা যায়, ১৯৯৮ সালের ২৩ এপ্রিল রাতে গুলশানে নিজ বাড়িতে খুন হন শাজনীন তাসনিম রহমান। এ ঘটনায় পরদিন শাজনীনের বাবা লতিফুর রহমান গুলশান থানায় দণ্ডবিধির ৩০২ ধারায় একটি হত্যা মামলা করেন। একই বছরের ৪ সেপ্টেম্বর ওই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ ও হত্যা মামলা করে সিআইডি।