যমুনা নদীতে শিশু ও দুই নারীর বস্তাবন্দী লাশ, গ্রেফতার ৩

আপডেট : ০২ আগস্ট ২০১৬, ১৫:৩৮
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর স্পার বাঁধ সংলগ্ন যমুনা নদী থেকে শিশু ও দুই নারীর বস্তাবন্দী লাশের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন, গাজীপুরের শ্রীপুর উপজেলার টেংরা গ্রামের বাদল মন্ডলের স্ত্রী নাসরিন মন্ডল (৩০), হাদিকুলের স্ত্রী মেহেরুন আক্তার (৪৮) ও মেহেরুনের পালিত নাতনি জাইমতি (৪)। নাসরিন মেহেরুনের ভাতিজি।
 
এ ঘটনায় সোমবার রাতে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এরা হলেন, রবিউল (৩২), নয়ন (২০) ও নিহত নাসরিনের সাবেক স্বামী আল আমিন (৩২)।
 
পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে এনায়েতপুর স্পারের পূর্ব-দক্ষিণ পাশে বড় দুটি বস্তা ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ বস্তা দুটি উদ্ধার করে বাঁধের উপর খুললে একেক করে অজ্ঞাত তিনটি লাশ বেরিয়ে আসে। এদের একজন পাঁচ বছরের শিশু, আরেক জন ৩৫ এবং অন্যজন ৫০ বছর বয়স্ক। এদের গলায় রশি পেচানো ছিল।
 
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, পরিকল্পিতভাবে এদেরকে শ্বাসরোধ করে হত্যার পর লাশগুলো বস্তাবন্দী করে নদীতে ফেলে দেয়া হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।