বরগুনা সদর উপজেলার পোটকাখালী ও কুমড়াখালি গ্রামের তিনটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতের হামলায় ওইসব বাড়ির ১২ জন আহত হয়েছেন। এ সময় তিন বাড়ি থেকে ৩৪ ভরি স্বর্ণালঙ্কার ও ছয় লাখ ২০ হাজার নগদ টাকা লুটে নিয়ে যায়।
আজ মঙ্গলবার ভোরে এ ডাকাতির ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ১০-১২ জন ডাকাতের একটি দল প্রথমে সদর ইউনিয়নের ইউপি সদস্য গোলাম মোস্তফা অরুনের বাসার দরজা ভেঙে ভেতরে ঢুকে ১২ ভরি স্বার্ণালঙ্কার ও নগদ ৭০ হাজার টাকা লুট করে। এসময় তারা বাধা দিতে গেলে ডাকাতরা তার স্ত্রী ও মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় এবং বাড়ির আরো তিনজনকে পিটিয়ে আহত করে।
এরপর ডাকাতরা কুমরাখালী গ্রামের ইটভাটা মালিক গোলাম মোস্তফার বাড়িতে দরজার গ্রিল কেটে ঢুকে ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে। এ সময় ডাকাতরা তার ছেলেসহ তিনজনকে পিটিয়ে আহত করে।
সর্বশেষ একই এলাকার (কুমরাখালী) শহীদ ব্যাপারীর বাড়িতে ডিবি পরিচয় দিয়ে ঘর তল্লাশির কথা বলে বাড়ির ভেতরে ঢোকে। পরে বাড়ির সবাইকে বেঁধে নগদ পাঁচ লাখ টাকা ও ১২ ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয়। এসময় আহত হন চারজন। পরে স্থানীয়রা আহতদের মধ্যে সাতজনকে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করেন।
বড়গুনা পুলিশ সুপার বিজয় বসাক জানান, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে।
