বিলাসবহুল জাহাজে থাকবে যুক্তরাষ্ট্রের বাস্কেটবল দল

আপডেট : ০২ আগস্ট ২০১৬, ১৭:৫৭
বিতর্ক যেন পিছুই ছাড়ছে না রিও অলিম্পিকের। জিকা ভাইরাসের আশঙ্কার পর গেমস ভিলেজ নিয়ে অনেকের অভিযোগ। আর্জেন্টিনার ফুটবল দলের টিম হোটেলে চুরি, ব্রাজিলের টিম হোটেলে চুরির সাথে অস্ট্রেলিয়ার অ্যাথলেটদের যে ভবনে রাখা হয়েছিল, সেই ভবনে আগুন লাগার সঙ্গে তাদের জিনিসপত্র চুরির ঘটনাও ঘটেছে।
 
তবে, নিজেদের নিরাপদে রাখতে আর অহেতুক সমস্যা থেকে বাঁচতে যুক্তরাষ্টের বাস্কেটবল দল রিও অলিম্পিকে থাকবেন একটি বিলাসবহুল জাহাজে।
 
সিলভার ক্লাউড নামের জাহাজটি ইতোমধ্যে রিওর বন্দরে পৌঁছে গেছে। এখানেই থাকবেন আমেরিকার বাস্কেটবল দল।
 
এই জাহাজটিতে একটি লাইব্রেরি, বিউটি স্যালুন, ক্যাসিনো আর চারটি রেস্তোরাঁ আছে বলে জানা যায়। ব্যবহারের জন্য জাহাজটির একটি সুইটের ভাড়া সপ্তাহে প্রায় ১০ লাখ পাউন্ডের মতো।
 
৫১৪ ফুট লম্বা এই জাহাজটি নয়টি ডেক রয়েছে। এর গতি ঘণ্টায় ১৮ নট বা ২০.৭ মাইল। বিশ্বের ধনী বাস্কেটবল দলটিকে বহন করা জাহাজটির যাত্রীবহন ক্ষমতা ২৯৬ জন।
 
৫০ জন আমেরিকান অ্যাথলেট আর সাপোর্ট স্টাফদের এই জাহাজেই থাকার কথা রয়েছে। মার্কিন বাস্কেটবল টিমের মুখপাত্র হিসেবে ক্রেইগ মিলার জানান, ‘আমরা অলিম্পিক ভিলেজে থাকব না। সেটা আমাদের প্রস্তুতির জন্য ভালো হবে না। দলের খেলোয়াড়রা লম্বা মৌসুম পার করে অলিম্পিকে অংশ নিচ্ছে। তাই তাদের পরিবারের সঙ্গে থাকার এটা ভালো ব্যবস্থা। এমন কিছু ভেবেই এই ব্যবস্থা করা হয়েছে।’
 
এর আগে ২০০৪ সালে এথেন্স অলিম্পিকেও জাহাজে ছিল মার্কিন বাস্কেটবল দলের সদস্যরা। তখন তারা কুইন মেরি টু ভাড়া করেছিল।