বিসিবির দ্বারস্থ ব্রাদার্সের ক্রিকেটাররা

আপডেট : ০২ আগস্ট ২০১৬, ১৮:৩২
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শেষ হওয়ার এক মাস পেরিয়ে গেলেও বকেয়া টাকা পাননি ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেটাররা।  তাই ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের মতো তারাও বিসিবির দ্বারস্থ হয়েছে।
 
মঙ্গলবার দুপুরে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরীর সঙ্গে দেখা করেন শাহরিয়ার নাফীস, নাফিস ইকবালসহ ব্রাদার্সের বেশ কয়েকজন ক্রিকেটার।
 
গত ২২ জুন শেষ হয় ঢাকা প্রিমিয়ার লিগের ২০১৫-১৬ মৌসুম। ব্রাদার্স সুপার লিগে উঠতে না পারায় তাদের লিগ শেষ হয় ৯ জুন। নিয়ম অনুযায়ী লিগের শুরুতে চুক্তির ৩০ শতাংশ এবং সুপার লিগের শুরুতে ৩০ শতাংশ আর লিগ শেষ হওয়ার ৬ সপ্তাহের মধ্যে বাকি ৪০ শতাংশ বুঝে পাবেন ক্রিকেটাররা।
 
ক্রিকেটারদের অভিযোগ এখনও দ্বিতীয় ধাপের টাকাই পরিশোধ করেননি  ব্রাদার্স কর্মকর্তারা। ফলে ক্লাবের কাছে খেলোয়াড়দের বকেয়া মোট অর্থের ৭০ শতাংশ।
 
ক্রিকেটার শাহরিয়ার নাফীস বলেন, ‘যেখানে এই সময়ের মধ্যে আমাদের শতভাগ পেমেন্ট পাওয়ার কথা। আমরা পেয়েছি মাত্র ৩০ ভাগ। এখন পর্যন্ত আমরা দ্বিতীয় ধাপের পাওনা পাইনি, তৃতীয় ধাপতো পরের ব্যাপার।  আমরা প্লেয়াররা সবাই এক হয়ে ব্যাপারটা সিইওকে জানালাম। কারণ এই বছর বিসিবি এ ব্যাপারে অনেক কঠোর ছিল। তারা আমাদের কথা দিয়েছিল কোনও কারণে ক্লাব বকেয়া পরিশোধ করতে ব্যর্থ হলে বিসিবি এই ব্যাপারে পদক্ষেপ নেবে।’
 
এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী সুজন বলেন, ‘ব্রাদার্সের ক্রিকেটাররা আজ এসেছিলেন আমাদের কাছে। পেমেন্ট নিয়ে সমস্যার কথা জানিয়েছেন। আমরা কথা দিয়েছি ব্যবস্থা নেওয়ার। এর আগেও দুটি ক্লাবের সমস্যা আমরা সমাধান করেছি। এরপর ভিক্টোরিয়া ও আজকে ব্রাদার্সের সমস্যার কথা জানলাম। ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আমরা যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নেবো।’