অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে অনিশ্চিত শ্রীলঙ্কান পেসার নুয়ান প্রদীপ। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন তিনি। পাল্লেকেলে টেস্টে শ্রীলঙ্কার একমাত্র পেসার হিসেবে খেলেছিলেন প্রদীপ। ইনজুরিতে পড়ায় প্রদীপকে নিয়ে চিন্তা পড়ে গেছে শ্রীলংকা ম্যানেজমেন্ট।
পাল্লেকেলে টেস্টে একজন পেসার রেখে একাদশ সাজায় শ্রীলঙ্কা। সেই দায়িত্ব পালন করছিলেন প্রদীপ। প্রথম ইনিংসে ১৬ ওভারে ৩৬ রানে ২ উইকেট নিলেও, দ্বিতীয় ইনিংসে ৬ ওভারে ১৬ রান দিয়ে উইকেট শুণ্য ছিলেন তিনি। আর ঐ ইনিংসেই ইনজুরিতে পড়েন তিনি।
তবে এখনো পুরোপুরিভাবে সুস্থ হতে পারেননি প্রদীপ। ফলে দ্বিতীয় টেস্টে প্রদীপের খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। দ্বিতীয় টেস্টের আগে প্রদীপের ব্যাপারে চূড়ান্ত সিদ্বান্ত নেবে শ্রীলংকা শিবির। আগামী ৪ আগস্ট থেকে গল-এ শুরু হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।
প্রদীপ খেলতে না পারলেও, অভিষেক হতে পারে দুই নতুন পেসার বিশ্ব ফার্নান্দো ও আশিথা ফার্নান্দোর মধ্যে যেকোন একজনের। দ্বিতীয় টেস্টেও একজন পেসার নিয়ে খেলার পরিকল্পনা রয়েছে শ্রীলংকার। কারন প্রথম টেস্টের মত গল টেস্টের পিচও সহায়তা করবে স্পিনারদের। হেরাথ-সান্দাকানের দৃঢ়তায় প্রথম ম্যাচ ১০৬ রানে জিতেছিলো লঙ্কানরা।
গল টেস্টে একাদশে সুযোগ পাওয়ার দৌড়ে এগিয়ে ২৪ বছর বয়সী বিশ্ব ফার্নান্দো। অভিজ্ঞতায় এগিয়ে তিনি। এখন পর্যন্ত ৪৪টি প্রথম শ্রেনীর ম্যাচ খেলেছেন এই বাঁ-হাতি পেসার। আর মাত্র ২টি প্রথম শ্রেনীর ম্যাচ খেলেছেন ১৯ বছর বয়সী আশিথা ফার্নান্দো।
