হবিগঞ্জ শহরে মোবাইল ফোন চুরির অভিযোগে তিন শিশুকে হাত-পা বেঁধে নির্যাতনের ঘটনার মূল আসামি শাহ আলমকে একদিন জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন।
মঙ্গলবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কাউছার আলম এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা অভিযুক্ত শাহ আলমকে ৭ দিনের রিমান্ডের আবেদন করেন।
পুলিশ জানায়, গত ২৭ জুলাই সকালে শহরের খাদ্য গোদাম রোড (গরুর বাজার) এলাকায় একটি কলোনি থেকে মোবাইল ফোন চুরির অভিযোগে শিশু রনি (১২), মাহিন (১০) ও রুবেলকে (১৩) ডেকে নিয়ে হাত-পা বেঁধে নির্যাতন করেন আব্দুল আলীর ছেলে শাহ আলম । পরে ৩ শিশুকে উদ্ধার ও শাহ আলমসহ চারজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় শিশু রুবেলের মা রেজিয়া আক্তার বাদী হয়ে শাহ আলমসহ চারজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
