৬৩ বছর পর জ্যামাইকার কিংস্টনে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়লো ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৯ উইকেটে ৫০০ রান তুলে ইনিংস ঘোষণা করে টিম ইন্ডিয়া।
ফলে ১৯৫৩ সালে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করা দলীয় ৪৪৪ রানের রেকর্ড নতুন করে লিখল ভারতীয় ক্রিকেট দল।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ভারতকে রানের চূড়ায় বসিয়েছেন ওপেনার লোকেশ রাহুল ও আজিঙ্কা রাহানে। রাহুল ১৫৮ ও রাহানে অপরাজিত ১০৮ রানের নান্দনিক দু’টি ইনিংস খেলেন।
প্রথম ইনিংসে রানের পাহাড় গড়ে তৃতীয় দিন শেষে ৩০৪ রানে এগিয়ে ভারত। প্রথম ইনিংসে ১৯৬ রানে অলআউট হয়েছিলো ওয়েস্ট ইন্ডিজ। চার ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ভারত। এন্টিগায় সিরিজের প্রথম টেস্ট ইনিংস ও ৯২ রানে জিতছিলো কোহলির দল।
