মার্কিন নির্বাচনে কারচুপি হতে পারে: ট্রাম্প

আপডেট : ০২ আগস্ট ২০১৬, ২০:০১
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির আশঙ্কা প্রকাশ করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ওহাইও রাজ্যের কলম্বাসে এক জনসমাবেশে ট্রাম্প বলেন, নির্বাচন সুষ্ঠু নাও হতে পারে বলে তিনি বারবারই শুনতে পাচ্ছেন।
 
তবে এ বক্তব্যর পক্ষে ট্রাম্প কোনও তথ্য- প্রমাণ দিতে পারেননি বলে জানিয়েছে বিবিসি। সোমবার সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, নির্বাচনে কারচুপি হতে পারে বলেই তিনি আশংকা করছেন। ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনকে উদ্দেশ্য করে ট্রাম্প একথা বলেন। এর মধ্য দিয়ে হিলারি নির্বাচনে জিতলেও সে ফল মেনে না নেওয়ারই ইঙ্গিত দিলেন ট্রাম্প।
 
এর আগে পেনসিলভানিয়ার মেকানিকসবার্গের নির্বাচনী সমাবেশে প্রথমবারের মতো সুনির্দিষ্টভাবে হিলারিকে ‘শয়তান’ও বলেন তিনি। ইরাক যুদ্ধে নিহত  এক মার্কিন মুসলিম সেনার বাবা-মাকে কটাক্ষ করা নিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে সমালোচনার ঝড়ের মধ্যে নির্বাচনে কারচুপির আশংকা প্রকাশ করলেন ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারেও ট্রাম্প নির্বাচন নিয়ে তার এ আশংকার কথা জানিয়েছেন। বিবিসি।