আগামী বছর বাংলাদেশ সুপার লিগ আয়োজনের জন্য ভেন্যু সংস্কারে উদ্যোগী হচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ ও বাফুফে। এরই মধ্যে ১০টি স্টেডিয়াম নিয়ে কাজ করতে ১৭৫ কোটি টাকা বরাদ্দ দেয়ার বিল পাশের প্রক্রিয়া চলছে।
এমনটাই জানিয়েছেন বাফুফের সিনিয়র সহ সভাপতি সালাম মুর্শেদী। তিনি বলেন, ‘বিপিএলের পরবর্তী পর্ব ময়মনসিংহের ভেন্যু সংস্কার ও সুষ্ঠুভাবে খেলা পরিচালনার জন্য পুরোদমে কাজ করছে বাফুফে। দীর্ঘদিনের আলোচনা-সমালোচনার পর টনক নড়েছে সংশ্লিষ্টদের।’
দেশের ফুটবল ভেন্যুগুলো নিয়ে ভাবছে ক্রীড়া মন্ত্রণালয়, ক্রীড়া পরিষদ ও বাফুফে। মূলত বাংলাদেশ সুপার লিগ বা বিএসএল আয়োজনকে সামনে রেখেই এমন নড়েচড়ে বসা। ৮টি বিভাগীয় স্টেডিয়াম ও গোপালগঞ্জসহ মোট ১০টি ভেন্যু সংস্কারের পরিকল্পনার কথা জানা গেছে। এর মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের ভেন্যুগুলোতে ফ্লাড লাইট থাকায়, বাকি ৭ ভেন্যুকে প্র্রস্তুত করাটাকেই মূল চ্যালেঞ্জ হিসেবে দেখছে ফেডারেশন। এখন ক্রীড়া মন্ত্রণালয়ের সম্ভাব্য বরাদ্দ ১৭৫ কোটি টাকার বিশাল অঙ্কের অর্থ হাতে পাওয়ার অপেক্ষা।
এদিকে, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের চট্টগ্রাম পর্ব শেষের পথে। পরবর্তী পর্বের জন্য প্র্রস্তুতিও শুরু করেছে ফেডারেশন। ময়মনসিংহের স্টেডিয়াম পরিদর্শন চলছে দফায় দফায়। এবারের বিপিএলে হোম ভেন্যুতে নিজেদের সমর্থকদের দারুণ সমর্থন পাচ্ছে চট্টগ্রাম আবাহনী। যা ভবিষ্যতে অন্যান্য ক্লাবগুলোকেও নিজস্ব স্টেডিয়াম তৈরিতে আগ্রহী করে তুলবে বলে মনে করেন পেশাদার লিগ কমিটি চেয়ারম্যান। পেশাদার লিগের সর্বোচ্চ স্তরের ক্লাবগুলোর পাশাপাশি তৃণমূল পর্যায়ের ফুটবলকে এগিয়ে নিতে ছোট পরিসরে ১৩০টি স্টেডিয়াম নির্মাণের কথাও জানিয়েছে পেশাদার লিগ কমিটি।
