হোয়াইট হাউজের ওবামা যুগকে 'বিপর্যয়' হিসেবে বর্ণনা করলেন ডোনাল্ড ট্রাম্প। 'ট্রাম্প প্রেসিডেন্ট হওয়া যোগ্য নয়'- ওবামার এমন মন্তব্যের পর এক প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, 'সে (ওবামা) ছিল দুর্বল এবং ব্যর্থ।'
ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ওবামা সম্পর্কে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচাইতে বাজে প্রেসিডেন্ট সম্ভবত সে। রাশিয়াকে হিলারির অ্যাকাউন্ট হ্যাক করার আহ্বান জানানোর পর এদিন সেই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন ট্রাম্প। কিন্তু সেই সঙ্গে তিনি ইউক্রেন ইস্যুটি সামনে এনে বলেন, 'আমি তার (ওবামা) থেকে অনেক ভাল পররাষ্ট্র নীতি বুঝি। ইউক্রেনকে দেখুন। সে ইউক্রেন নিয়ে রাশিয়ার সঙ্গে শুধু কথাই বলে গেছে। এদিকে রাশিয়া কথা বলার মধ্যেই ক্রিমিয়া দখল করে নিল।'
এ সময় মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল অবস্থা সৃষ্টির জন্য ওবামাকে দায়ী করে তিনি বলেন, ওবামা এবং তার সময়ে থাকা পররাষ্ট্র মন্ত্রী হিলারির কারণে আজ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অস্থিতিশীল অবস্থা। ওবামার অকারণে মধ্যপ্রাচ্যে হস্তক্ষেপ এবং হিলারির ব্যক্তিগত ইমেইল ব্যবহারের বিষয়ে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের যেখানে বলিষ্ঠ ভূমিকা রাখা উচিত ছিল, সেখানে দুর্বল ছিলেন প্রেসিডেন্ট ওবামা। বিবিসি।
