‘শুভ শক্তির বিরুদ্ধে অশুভ শক্তির লড়াই সফল হবেনা’

আপডেট : ০৩ আগস্ট ২০১৬, ১৫:৩৯
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপিকে বলেছেন, ‘অশুভ শক্তির সঙ্গে আঁতাত করে শুভ শক্তির বিরুদ্ধে লড়াই করলে সেই লড়াই কখনও সফল হবে না।’
 
বুধবার নোয়াখালীর কবিরহাট উপজেলা সদরের হাজী ইদ্রিস চত্বরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশে তিনি এ কথা বলেন।
 
মন্ত্রী বলেন, ‘আপন ঘরে শত্রু থাকলে তা উদ্রবাদের চেয়েও ভয়ঙ্কর। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে অশুভ শক্তিকে প্রতিহত করতে হবে।’
 
ওবায়দুল কাদের বলেন, বন্যা কবলিত এলাকায় মানুষের পাশে থেকে সরকার ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে তদারকি করছেন এবং সার্বক্ষণিকভাবে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন। সরকার বন্যা চলাকালে এবং বন্যার পরে পুনর্বাসনের ব্যবস্থা নিবে।
 
উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি সমাবেশে সভাপতিত্ব করেন। এতে অন্যদের মধ্যে নোয়াখালী-৪ আসনের এমপি মোহাম্মদ একরামুল করিম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুল আনম সেলিম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান কামরুন নাহার শিউলি, পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি ফখরুল ইসলাম দুলাল, আওয়ামী লীগ নেতা এবং সাবেক মেয়র আলাবক্স টিটু প্রমুখ বক্তব্য রাখেন।