রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিন নারী নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২০ জন। নিহতরা হলেন, উপজেলার শ্রীমান্তপুর এলাকার আনোয়ার বেগম বানু (৬০), একই এলাকার মাবিয়া বেগম (৬৪) এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কাতখালি গ্রামের আলেয়া বেগম (২৮)।
বুধবার ভোর পাঁচটায় ও বেলা সাড়ে ১১টায় পৃথক এ দুর্ঘটনা ঘটে। লাশগুলো উদ্ধার করা হয়েছে।
প্রথম ঘটনা
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যে, ভোর পাঁচটার দিকে আনোয়ারা বেগম বানু ও মাবিয়া বেগমসহ কয়েকজন নারী গোদাগাড়ী ডিগ্রি কলেজের সামনে মহাসড়কের ধার দিয়ে হাঁটছিলেন। এ সময় রাজশাহীগামী একটি ট্রাক তাদের পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আনোয়ারা বেগম বানু নিহত হন। পরে স্থানীয়রা মাবিয়া বেগমকে জেলা মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
দ্বিতীয় ঘটনা
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যে, বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সাহাব্দিপুর এলাকায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আলেয়া বেগম ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন অন্তত ২০ জন। এদের মধ্যে ১৪ জনকে রামেক হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ বলেন, দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হবে।
