গাজীপুরে স্বামী খুনের ঘটনায় স্ত্রী নাহিদা আকন্দ ওরফে রীপাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক এ আদেশ দেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়।
দণ্ডপ্রাপ্ত রীপা নরসিংদীর মনোহরদী উপজেলার পশ্চিম চালাকচর গ্রামের মতিউল ইসলাম ওরফে বাবু মেম্বারের মেয়ে এবং গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া এলাকার শাহজাহানের ছেলে সোহরাব হোসেন স্ত্রী।
গাজীপুর আদালতের পিপি হারিছ উদ্দিন আহমদ জানান, সোহরাব-রীপা দম্পতি গাজীপুর সিটি করপোরেশনের তেলিপাড়া এলাকার মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। গত বছরের ৪ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে রীপা টিভিতে স্টার জলসা দেখছিলেন। বাসায় ফিরে সোহরাব তার স্ত্রী রীপাকে স্টার জলসা দেখতে নিষেধ করেন। এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে রীপা তার স্বামী সোহরাবকে ছুরিকাঘাত করে। তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
