অবৈধ সম্পদ রাখায় রেলের বরখাস্ত হওয়া কর্মকর্তা ইউসুফ আলী মৃধাকে পাঁচ বছরের কারাদণ্ড ও ১৫ লাখ টাকা জরিমানা করেছে আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরো এক বছর কারাভোগ করতে হবে। বুধবার ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আমিনুল ইসলাম এ রায় দিয়েছেন।
চার বছর আগে তত্কালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের তখনকার সহকারী ওমর ফারুক তালুকদারের গাড়িতে বিপুল পরিমাণ অর্থসহ ধরা পড়ার পর ইউসুফ মৃধার বিরুদ্ধে তদন্তে নেমেছিল দুর্নীতি দমন কমিশন। এরপর অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়ে ২০১২ সালে তার বিরুদ্ধে মামলা হয়।
ওই আদালতের পেশকার আলমগীর হোসেন বলেন, মামলায় দুটি ধারায় আসামি ইউসুফ মৃধার পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তবে দুটি সাজা একই সঙ্গে চলবে বলে তাকে তিন বছর সাজা খাটতে হবে।
২০১২ সালের এপ্রিলে ধরা পড়ার পর সম্পদের তথ্য জানাতে ইউসুফ মৃধাকে নোটিস দিয়েছিল দুদক। সেই তথ্যে গড়মিল পেয়ে ১৪ আগস্ট দুদকের উপ সহকারী পরিচালক মো. রেজাউল হাসান তরফদার রমনা থাকায় মামলা করেন। ওই বছরের ২৭ নভেম্বর আদালতে অভিযোগপত্র দেয়া হয় ।
