দেশের সর্বস্তরের মানুষের ঐক্যে বিদেশীরা খুশি: তোফায়েল

আপডেট : ০৩ আগস্ট ২০১৬, ১৯:৪৯
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, 'সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ নিজ-নিজ অবস্থানে থেকে যেভাবে আজ ঐক্যবদ্ধ, তাতে বিদেশীরা খুশি।'
 
সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপে তৈরি পোশাক ক্রেতারা প্রশংসা করেছে উল্লেখ করে তিনি বলেন, 'রাজধানীর গুলশান ও কল্যাণপুরে এবং কিশোরগঞ্জের শোলাকিয়ায় অল্প সময়ের মধ্যে দক্ষতার সাথে ও সফলভাবে সন্ত্রাসীদের মোকাবেলা করায় তৈরি পোশাক ক্রেতারাও সন্তুষ্ট।'
 
বাণিজ্যমন্ত্রী বুধবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নেদারল্যান্ডের রাষ্ট্রদূত মিসেস লিয়োনি কোয়েলিনেয়ারের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।
 
তিনি বলেন, 'নেদারল্যান্ডের রাষ্ট্রদূত বাংলাদেশে অবস্থানরত বিদেশীদের নিরাপত্তায় সরকারের গৃহীত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন। নেদারল্যান্ড বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু এবং বড় ব্যবসাসায়ীক অংশীদার। বাংলাদেশ এখন প্রায় এক বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের পণ্য রপ্তানি করছে নেদারল্যান্ডে, দিনদিন এ রপ্তানি বাড়ছে।'
 
এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, 'সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য কিছু রাজনৈতিক দলের নেতার মন্তব্য দুঃখজনক। তারা একদিকে জঙ্গিদের সমর্থন করছেন, অপর দিকে জাতীয় ঐক্যের কথা বলছেন। সন্ত্রাসীদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান কঠোর। দেশের মানুষ সন্ত্রাসের বিরুদ্ধে এখন অনেক বেশি সচেতন। মা-বাবারা এখন সন্তানদের বিষয়ে বেশি সচেতন। সকল ধর্মীয় উপাসনালয়ে অপপ্রচারের বিরুদ্ধে সচেতনতামূলক বক্তব্য প্রদান করা হচ্ছে। দেশের সর্বস্তরের মানুষ আজ সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।'
 
এসময় রাষ্ট্রদূত বলেন, 'বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকে আধুনিক ও টেকসই করে গড়ে তুলতে নেদারল্যান্ড সরকার প্রয়োজনীয় সবধরনের সহযোগিতা প্রদান করবে। অল্প সময়ের মধ্যে নেদারল্যান্ডের ফরেন ট্রেড এন্ড ডেভেলপমেন্ট কোঅপারেশন মন্ত্রী বাংলাদেশ সফরে আসবেন।'
 
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, ব্রাসেলস-এ নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাদাত হোসেন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব(রপ্তানি) জহির উদ্দিন আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।