ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো তিন দিনের সরকারি সফরে বুধবার মালয়েশিয়া পৌঁছেছেন। মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এ সফরকে দুই দেশের সম্পর্কের মানোন্নয়ন উল্লেখ করে জানায়, পোরোশেঙ্কো ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক বৈশ্বিক ও আঞ্চলিক যেসব বিষয় নিয়ে উভয় দেশের উদ্বেগ রয়েছে সেগুলো নিয়ে মতবিনিময় করবেন।
দুই দেশের মধ্যে সহযোগিতা আরো জোরদারে উভয় নেতার উপস্থিতিতে দ্বিপক্ষীয় বেশ কয়েকটি চুক্তি হবে বলে মন্ত্রণালয় জানায়। মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সফরের বিস্তারিত উল্লেখ করা হয়নি। তবে ২০১৪ সালের জুলাইয়ে ইউক্রেনের ভূখণ্ডে একটি মালয়েশীয় বিমান ভূপাতিত হওয়া নিয়ে উভয় নেতা আলোচনা করবেন কিনা তা নিয়ে জল্পনা রয়েছে।
মালয়েশিয়ার পর পোরোশেঙ্কো আগামী ৫ আগস্ট রাষ্ট্রীয় সফরে ইন্দোনেশিয়া যাবেন। তিনি সেখানে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে বৈঠক করবেন।
