দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, 'বন্যার্তদের ত্রাণ না পাওয়া সংক্রান্ত বিএনপির চেয়ারপার্সন বেগম খা-লেদা জিয়ার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।'
তিনি বলেন, 'বন্যা দুর্গত জেলাগুলোতে পর্যাপ্ত ত্রাণ বরাদ্দ দেয়া হয়েছে। ত্রাণের কোন অভাব নেই। সব ক্ষতিগ্রস্তরা রিলিফ চায়না। যাদের রিলিফ প্রয়োজন, তাদের আমরা দিব। অন্যদের কৃষি ঋণসহ অন্যান্য পুনর্বাসন সহায়তা দেয়া হবে।
ত্রাণমন্ত্রী বুধবার কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণের প্রাক্কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, 'বন্যার পানি নেমে যাচ্ছে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে ক্ষয়ক্ষতির তালিকা দ্রুত চূড়ান্ত করে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের বাড়ি-ঘর পুনর্নির্মাণ করে দেয়া হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি ঋণসহ অন্যান্য সহায়তা দেয়ার ব্যবস্থা নেয়া হবে।'
ত্রাণ মন্ত্রী বলেন, 'মধ্য আগস্টে আরো একটি বড় বন্যার পূর্বাভাস রয়েছে। সেভাবেই প্রস্তুতি নেয়া হচ্ছে। আমাদের খাদ্যের কোন অভাব নেই। পর্যাপ্ত চাল ও টাকা রয়েছে। আমরা সেটা দিয়েই বন্যা মোকাবিলা করতে পারব।' পরে মন্ত্রী রৌমারী উপজেলার বলদমারা ঘাটে ২০০ পরিবারকে ত্রাণ সহায়তা দেন।
