বিএনপি নেতা জাফরুল হাসান দম্পত্তির মামলা চলবে

আপডেট : ০৩ আগস্ট ২০১৬, ২১:৩৩
 
চট্টগ্রামের বিএনপি নেতা মো. জাফরুল হাসান ও তার স্ত্রী শেফালী হাসানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়েরকৃত মামলার বিচার কার্যক্রম চলবে। মামলার বিচার কার্যক্রম বাতিল চেয়ে তাদের করা আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ বুধবার এই রায় দেন।
 
একইসঙ্গে মামলার বিচার কার্যক্রমের ওপর দেয়া স্থগিতাদেশও প্রত্যাহার করে নিয়েছে আদালত। আদালতের এই আদেশ সাংবাদিকদের জানান দুদক কৌসুলি অ্যাডভোকেট খুরশীদ আলম খান।
 
তিনি বলেন, মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ বিচারাধীন। হাইকোর্টের রায়ের ফলে এই মামলায় সাক্ষ্য গ্রহনে আর কোনো বাধা থাকল না।
 
তত্ত্বাবধায়ক সরকারের আমলে জাফরুল হাসান দম্পত্তির বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা করে দুদক। পরে এই মামলা বাতিল চেয়ে তারা হাইকোর্টে পৃথক পৃথক আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিতের পাশাপাশি রুল জারি করে। ওই রুলের চূড়ান্ত শুনানি নিয়ে হাইকোর্ট উপরোক্ত রায় দেয়।