পুলিশের ধাওয়ায় এক ব্যক্তির মৃত্যু, পরে কনস্টেবলকে পিটিয়ে হত্যা

আপডেট : ০৩ আগস্ট ২০১৬, ২২:২২
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুলিশের ধাওয়ায় পুকুরে ডুবে আব্দুল মতিন (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় এলাকাবাসীর ‘পিটুনিতে’ পুলিশ কনস্টেবল আরিফুজ্জামান নিহত হয়েছেন।
 
বুধবার বিকেলে পৌরসভার নোয়াইল রাইজদিয়া এলাকায় এ ঘটে। পুলিশ কনস্টেবল আরিফ হোসেন মানিকগঞ্জের সুসন্ধ্যা এলাকার মৃত বজলুল খানের ছেলে। আব্দুল মতিনের বাড়ি সোনারগাঁও থানার রাইজদিয়া গ্রামে। তিনি মাদক ব্যবসায়ী ছিলেন বলে পুলিশ জানায়।
 
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে আসামি আব্দুল মতিনকে ধরতে ৪-৫ জন পুলিশ আব্দুল মতিনের বাড়িতে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মতিন পালানো সময় পুকুরে পড়ে মারা যান।
 
বিষয়টি জানতে পেরে উত্তেজিত এলাকাবাসী কনস্টেবল আরিফ হোসেনের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই কনস্টেবল আরিফের মৃত্যু হয়।
 
এলাকাবাসী জানান, মতিন আদমপুর বাজারের পানের দোকানদার। তিনি মাদক ব্যবসায় জড়িত নয়।
 
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো মঞ্জুর কাদের (পিপিএম) জানান, আব্দুল মতিন একজন মাদক ব্যবসায়ী। পুলিশ দেখে পানিতে পড়ে তিনি মারা যান। এ সময় উত্তেজিত পুলিশ কনস্টেবল আরিফ হোসেনকে পিটিয়ে হত্যা করে।