জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাক্ষীকে আসামিপক্ষের জেরা ও নতুন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ চলছে।বৃহস্পতিবার মামলাটির ১৭তম সাক্ষী প্রাইম ব্যাংকের তৎকালীন কর্মকর্তা মেহমুদ হোসেনকে আসামি পক্ষের জেরা শেষে ১৮তম সাক্ষী চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা কামাল মজুমদারের সাক্ষ্যগ্রহণ চলছে।
প্রধান আসামি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে আব্দুর রেজ্জাক খান এবং অন্য আসামিদের পক্ষে জাকির হোসেন, আমিনুল ইসলাম, বোরহানউদ্দিন আহমেদ ও রেজাউল করিম সরকার পর্যায়ক্রমে জেরা করেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা দুইটির বিচারিক কার্যক্রম চলছে রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে।
২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক। এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়।
