চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ইকোপার্কে বিশ্ববিদ্যালয় ছাত্রী মুন্নি হত্যার ঘটনায় গ্রেফতার যুবক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পুলিশ জানায়, বুধবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম নগরীর পোর্ট কলোনী এলাকা থেকে সিটি পোর্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র রমজান আলী রাহাতকে (২৮) একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মুন্নি হত্যার দায়ে আটক করা হয়। পুলিশ ওই দিনই তাকে চট্টগ্রাম আদালতে পাঠালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুন্সি মুশিয়ার রহমান ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করেন।
জবানবন্দিতে মুন্নির প্রেমিক রাহাত জানায়, মুন্নি একই প্রতিষ্ঠানের এক ছেলে বন্ধুকে প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখাত হয়। এতে মুন্নি ক্ষিপ্ত হয়ে ওই বন্ধুর প্রেমিকাকে নিয়ে কুৎসা রটনা শুরু করে। এ কারণে ওই বন্ধু মুন্নির দুই প্রেমিককে মুন্নির বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলে। এসব ঘটনার রেশে মুন্নির দুই প্রেমিক ও দুই বান্ধবীসহ পাঁচজন মিলে তাকে হত্যার পরিকল্পনা নেয়। পরে সুকৌশলে তারা ইকোপার্কে ডেকে নিয়ে মুন্নিকে হত্যা করে পাহাড়ে ফেলে চলে যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামাল বলেন, হত্যাকারীদের গ্রেফতারের স্বার্থে জড়িতদের নাম বলা যাবে না।
