সাংবাদিক প্রবীর সিকদারের বিরুদ্ধে অভিযোগ গঠন

আপডেট : ০৪ আগস্ট ২০১৬, ১৬:৪৫
সাংবাদিক প্রবীর সিকদারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় বৃহস্পতিবার বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলম এ অভিযোগ গঠন করেন।
 
সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৬ অক্টোবর এ মামলার পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। এর আগে মামলাটি ফরিদপুরের একটি আদালতে বিচারাধীন ছিলো। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলা হওয়ায় পরে তা বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে পাঠানো হয়।
 
প্রবীর সিকদার বর্তমানে দৈনিক বাংলা ৭১, উত্তরাধিকার-৭১ নিউজ অনলাইন পত্রিকা ও উত্তরাধিকার নামের একটি ত্রৈমাসিক পত্রিকার সম্পাদক। জেলা পূজা উদযাপন কমিটির উপদেষ্টা স্বপন পাল ২০১৫ সালের ১৬ আগস্ট প্রবীর সিকদারকে আসামি করে ফরিদপুর কোতোয়ালী থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে এ মামলা করেন। সেদিন রাতে প্রবীর সিকদারকে গ্রেফতার করা হয়। পরে ফরিদপুর আদালত থেকে তিনি জামিনে বেরিয়ে আসেন। খবর- বাসস।