কিবরিয়া হত্যা : আরো দুই জনের সাক্ষ্য

আপডেট : ০৪ আগস্ট ২০১৬, ১৬:৫০
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় আরো দুইজনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।
 
বৃহস্পতিবার সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মকবুল আহসান তাদের সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আগামী ১০ ও ১১ অগাস্ট মামলার পরবর্তী দিন ধার্য করেছেন। এ নিয়ে এ মামলায় ৩২  জনের সাক্ষ্যগ্রহণ হলো।
 
আদালতে এদিন সাক্ষ্য দেন কিবরিয়ার সঙ্গে গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগ নেতা সিদ্দেক আলীর ছেলে কুদ্দুস মিয়া এবং নিহত আবদুর রহিমের মেয়ে ফাতেমা আক্তার চম্পা।
 
সাক্ষ্যগ্রহণের সময় গ্রেপ্তার ১৪ আসামির মধ্যে সিলেট সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জের বরখাস্ত মেয়র জিকে গউছ ও হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ১৩ জনকে আদালতে হাজির করা হয়।
 
অসুস্থতার কারণে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আদালতে উপস্থিত ছিলেন না। তার পক্ষে আইনজীবীরা হাজিরা দিয়েছেন।
 
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। ১৯৯৬-২০০১ মেয়াদে আওয়ামী লীগ সরকারের সময় অর্থমন্ত্রী ছিলেন কিবরিয়া।