বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে প্রশিক্ষিত জঙ্গি ফেরত পাঠিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। জার্মানিতে আটক হওয়া হ্যারি সারফো নামের এক আইএস জঙ্গির বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে একথা জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
সারফো উত্তর জার্মানির একটি সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা সংবলিত কারাগারে আছেন। সেখানেই নিউইয়র্ক টাইমসকে দেয়া সাক্ষাতকারে জানিয়েছেন, আইএসের একটি আভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা রয়েছে যেটি বিশ্বের বিভিন্ন স্থানে জঙ্গি হামলা চালাতে সক্ষমদের চিহ্নিত করে।
সারফো গত বছর সিরিয়ায় আইএসে যোগ দিতে গেলে সেখানে আইএসের মুখোশধারী তথাকথিত গোয়েন্দা সংস্থা ‘ইম্নি’-র জঙ্গি এসে বলে, ইউরোপিয়ান যোদ্ধাদের আর সিরিয়ায় আসার দরকার নেই। তাদের বরং পশ্চিমে আইএসের বিভিন্ন অপারেশনে প্রয়োজন।
IMG0
নিউ ইয়র্ক টাইমস গোয়েন্দা ও তদন্ত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আইএসের এই সংস্থাটি আভ্যন্তরীণ পুলিশ এবং আইএস নিয়ন্ত্রিত এলাকার বাইরের আক্রমণগুলো সমন্বয় করে থাকে। এই ইম্নি প্রশিক্ষিত জঙ্গিদেরই আইএস বাংলাদেশ সহ অস্ট্রিয়া, জার্মানি, লেবানন, তিউনিসিয়া, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় পাঠিয়েছে। সারফো মার্কিন কর্মকর্তাদের এই মূল্যায়ন সঠিক বলে নিশ্চিত করেছেন। শত শত আইএসের ‘ইম্নি’ প্রশিক্ষিত যোদ্ধা নিজেদের দেশে ফেরত গেছেন বলে নিশ্চিত করেন তিনি।
ইম্নির একজন সারফোকে বলেছেন, বাংলাদেশে একটি অবকাঠামো তৈরি করতে আইএস কাজ করছে। বিশেষ করে বাংলাদেশ, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার আল কায়েদা প্রশিক্ষিতদের দলে টানছে আইএস। উল্লেখ্য, গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্তোরায় নজিরবিহীন এক জঙ্গি হামলায় দুই পুলিশ কর্মকর্তা সহ ২২ জন নিহত হন। নিহতদের বেশিরভাগই বিদেশি, আইএস বার্তা সংস্থা আমাক ও পরবর্তীতে অনলাইন ম্যাগাজিন দাবিকের পঞ্চদশ সংস্করণে এই হামলার দায় স্বীকার করেছে। তবে সরকার থেকে বলা হয়েছে স্থানীয় জেএমবি জঙ্গিগোষ্ঠী এই হামলা চালিয়েছে।
IMG1
আইএসের কথিত গোয়েন্দা সংস্থার মতে, ইউরোপের বেশ কয়েকটি দেশে তাদের জোরালো অবস্থান রয়েছে। জার্মান ও ব্রিটেনে তাদের আরো জঙ্গি প্রয়োজন বলে সাফরোর কাছে উল্লেখ করা হয়। সাফরো বলেন, ইম্নির একজন আমার সঙ্গে খোলামেলা ভাবে আলোচনা করে বিষয়টি নিয়ে, সে আমাকে জানায় বহু জঙ্গি ইউরোপে আক্রমণ চালানোর জন্য প্রস্তুত হয়ে অপেক্ষা করছে। একথা সাফরোকে বলা হয়েছিল প্যারিস ও ব্রাসেলসে হামলার আগে। ইম্নি প্রশিক্ষিত জঙ্গিরাই প্যারিস হামলা চালিয়েছে, যেখানে ১৩০ জন নিহত হয়েছে। চলতি বছরের মার্চে ব্রাসেলসে ৩২ জনকে হত্যাকারীদের তারাই প্রশিক্ষণ দিয়েছে।
IMG2
ইম্নি-র সদস্যরা সারফোকে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের প্রশিক্ষিত যোদ্ধারা ফেরত যেতে পারছে না। সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নতুন সদস্য নিয়োগের চেষ্টা করছে তারা। সাফরো ২০১৫ সালে আইএস থেকে পালিয়ে ফেরত আসেন, যখন তিনি বুঝতে পারেন আইএসের প্রোপাগান্ডা ভিডিওগুলো বেশিরভাগই সাজানো নাটক। ২০১৫ সালের জুলাইয়ে জার্মানির ব্রেমেন বিমানবন্দরে আটক হন তিনি, তার তিন বছরের কারাদণ্ড হয়েছে। নিউইয়র্ক টাইমস।
