বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বাংলাদেশ থেকে সরাসরি কার্গো পণ্য পরিবহনে যুক্তরাজ্যের আরোপিত নিষেধাজ্ঞা অচিরেই প্রত্যাহার হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে তাঁর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেকের বৈঠককালে মেনন এ আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে চলমান সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ক আগামী দিনগুলোতে আরো বৃদ্ধি পাবে বলেও বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়। বৈঠকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা-সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের গৃহীত বিভিন্ন পদক্ষেপে ব্রিটিশ হাইকমিশনার সন্তোষ প্রকাশ করেন।
এ সময় যুক্তরাজ্যের ভিসা অফিস ঢাকা থেকে দিল্লি স্থানান্তরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে রাশেদ খান মেনন বলেন, প্রযুক্তির অগ্রগতির এ সময়ে বেশিরভাগ কার্যক্রম যখন অনলাইনে সম্পন্ন হচ্ছে, তখন ভিসা অফিসে অবস্থানের চেয়ে দ্রুততার সঙ্গে কার্যক্রম সম্পন্নের বিষয়টিকে গুরুত্ব দেয়া হচ্ছে।
রাশেদ খান মেনন বলেন, লন্ডন ও অন্যান্য শহরে ১০ হাজারের বেশি কারিহাউস পরিচালনা করছেন বাংলাদেশিরা। তাই রকমারি খাবারের স্বাদ পেতে ব্রিটিশ পর্যটকেরা বাংলাদেশে আসতে পারেন।
এ সময় হাইকমিশনার বলেন, কূটনৈতিক পর্যায়ে যোগাযোগের মাধ্যমে দুই দেশের পর্যটকদের আগমন বৃদ্ধি পাবে। ব্রিটিশ হাইকমিশনার আরো বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে আধুনিক মানের নতুন যেসব হোটেল-মোটেল নির্মাণ করা হচ্ছে এবং সেবার মান বৃদ্ধি পাচ্ছে, তা তাঁর দেশ পর্যবেক্ষণ করছে।
