মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, বিদেশি বিনিয়োগ বাড়াতে হলে সম্প্রতি ঘটে যাওয়া জঙ্গি ও সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে উদ্যোক্তাদেরকে আশ্বস্ত করতে হবে। বাংলাদেশকে আশ্বস্ত করতে হবে যে, কারখানা এবং ব্যক্তির যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সব ধরনের কার্যক্রম হাতে নিয়েছে। সরকারের কাছ থেকে স্বচ্ছ ও নির্ভরযোগ্য বার্তা দিতে হবে, যা জনগণকে আশ্বস্ত করবে। তাছাড়া নতুন ধরনের এই সন্ত্রাসবাদ মোকাবেলায় সরকারের স্পষ্ট ও সম্পূর্ণ মনযোগ দিতে হবে।
বার্নিকাট আরো বলেন, বিদেশি বিনিয়োগ আনতে, মধ্যম আয়ের দেশে পরিণত হতে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত রাখতে একটি নিরাপদ ও স্থিতিশীল বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যুক্তরাষ্ট্রের বাজারে প্রথমবারের মতো ওষুধ রপ্তানি উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, বেক্সিমকোর চেয়ারম্যান সোহেল এফ রহমান, ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদিরসহ আরো অনেকে। অনুষ্ঠানের আগে বেক্সিমকো ফার্মার কারখানা ঘুরে দেখেন মার্কিন রাষ্ট্রদূত।
বার্নিকাট আরো বলেন, নিরাপদ ভবিষ্যতের পথে এগিয়ে যেতে অতীত সংকটকালীন সরকার সুশীল সমাজ এবং বেসরকারি সংস্থাগুলোর সাথে একসাথে কাজ করার মাধ্যমে যে সফল কৌশলের উপর নির্ভর করেছে এখনও তা অনুসরণ করতে হবে। জঙ্গীবিরোধী কমিটিতে সব দলকে অন্তর্ভূক্ত করার যে বক্তব্য সম্প্রতি জন প্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফ দিয়েছেন তা দেখে সত্যিই আমি খুব আনন্দিত।
