সাভারে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে হত্যাকারী মাসুম (২০) পলাতক রয়েছে। এ ঘটনায় ঘাতক মাসুমের মা মোর্শেদা বেগম থানায় আত্মসমর্পণ করে হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছেন।
বৃহস্পতিবার রাতে সাভার পৌর এলাকার তালবাগ মহল্লার সাইদুর রহমানের ভাড়া বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শফিকুল বারী বকুল (৫০)। সে টাঙ্গাইলের নাগরপুর থানার আন্দিবাড়ী গ্রামের আব্দুল বারীর ছেলে।
আত্মসমর্পণকারী নারীর বরাত দিয়ে পুলিশ জানায়, পূর্ব পরিচয়ের সুত্র ধরে নিহত বকুল অন্য দিনের মতো বৃহস্পতিবার রাত ১১টার দিকে মোর্শেদা বেগমের বাসায় যান। এ সময় ওই নারী বকুলকে নিজের ঘরে রেখে রান্না ঘরে গেলে হঠাৎ তার ছেলে মাসুম ঘরের দরোজা বন্ধ করে ধারালো অস্ত্র দিয়ে ওই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তাহমুদ হাসান জানান, হত্যাকাণ্ডের বিষয়টি জানতে পেরে রাতেই ঐ নারীর বাসা থেকে রক্তাক্ত অবস্থায় নিহত ব্যবসায়ীর মৃতদেহটি উদ্ধার করে থানায় আনা হয়। শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সম্প্রতি মোর্শেদার স্বামী রাশেদ মিয়ার সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর নিহত ব্যবসায়ী শফিকুল বারী বকুলের সঙ্গে তার ঘনিষ্টতা বাড়তে থাকে। এরই জের ধরে বকুল মোর্শেদার সঙ্গে দেখা করতে তার বাড়িতে আসা-যাওয়া করতে। তাদের এ সম্পর্কটি মোর্শেদার পুত্র মাসুম মেনে নিতে পারেনি।
আরও পড়ুনঃ বাগেরহাটে প্রকৌশলীর স্ত্রীকে গলাকেটে হত্যা
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মায়ের রুমে বহিরাগত ব্যক্তিকে দেখে ওই যুবক হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ ঘটনায় মাসুমের মা মোর্শেদাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করে অভিযুক্ত মাসুমকে গ্রেফতারের চেষ্টা চলছে। মাসুমকে আটকের পরই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।
ইত্তেফাক/নূহু
