বন্যার পানিতে ভেসে গেছে শত কোটি টাকার মাছ

আপডেট : ০৫ আগস্ট ২০১৬, ০১:১২
বন্যায় চলনবিলের সাড়ে সাতশ গ্রামের দুই সহস্রাধিক পুকুরের পাড় ধসে চাষকৃত শত কোটি টাকার মাছ বন্যার পানিতে ভেসে গেছে। ভারী বর্ষণ এবং উজানের পানিতে চলনবিল ফুলে ফেঁপে ওঠায় মত্স্য চাষিরা পথে বসেছে।
 
মত্স্য বিভাগ ও মত্স্য চাষিদের সাথে আলাপ করে জানা যায়, চলনবিলের ৯ উপজেলায় নতুন পুরাতন ৩০ হাজার পুকুর রয়েছে। সরকারি-বেসরকারি এ সব পুকুর তিন বিঘা থেকে ২০ বিঘা এবং ৪৫ বিঘা পর্যন্ত জলাশয়ের পুকুর রয়েছে। ২০০৪ এবং ২০০৭ সালের পর এবারই বড় বন্যা। ভারী বর্ষণ এবং উজানের পানি যমুনা, আত্রাই, মহানন্দা, পুরানো যমুনাসহ বিভিন্ন নাল খাল দিয়ে ভারতীয় পানি চলনবিলে প্রবেশ করে।
 
এ ছাড়াও ভারী বর্ষণ পানি বৃদ্ধিতে সাহায্য করে। ফলে সপ্তাহকালের মধ্যেই বন্যা ভয়াবহ রূপ নেয়। মত্স্য চাষিদের কিছু বুঝে ওঠার আগেই পানির গভীরতা বৃদ্ধি পায় এবং পুকুরের পাড়ে চাপ বৃদ্ধি করে। যার দরুন পাড় ধসে প্রবলবেগে পুকুরে পানি প্রবেশ করায় মাছ রক্ষা করা সম্ভব হয়নি। ফলে চাষকৃত মাছ বন্যার পানিতে ভেসে যাওয়ায় চাষিরা ক্ষতির সম্মুখীন। মত্স্য চাষিরা জানান, ভেসে যাওয়া মাছের বর্তমান বাজার মূল্য ২০ কোটি টাকার ওপর। কিন্তু ৩ মাস পর এ মাছেরই মূল্য দাঁড়াত ১ শত কোটি টাকার মতো।
 
তাড়াশ উপজেলা মত্স্য অফিস জানায়, উপজেলায় দুইশ ১৫টি পুকুর সম্পূর্ণ তলিয়ে গিয়ে মাছ ভেসে গেছে ১ শত ২৫ মেট্রিক টন এবং পোনা মাছ ভেসে গেছে ২৫ মেট্রিক টন। আরো দুই শতাধিক পুকুর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
 
সিংড়া উপজেলা মত্স্য কর্মকর্তা জানান, উপজেলায় সরকারি-বেসরকারি পুকুরের সংখ্যা ৫ হাজার ৪ শত ৬৫। তন্মধ্যে ৫ শত পুকুরের পাড় ডুবে চাষকৃত ৫ শত মেট্রিক টনের মতো মাছ ভেসে গেছে। পোনা মাছ ভেসে গেছে কমপক্ষে ৫০ মেট্রিক টন।
 
এ ছাড়াও এ উপজেলায় আরো ৭ শতাধিক পুকুর বন্যায় আংশিক ক্ষতির শিকার হয়েছে।
 
সুন্দরগঞ্জে বন্যায় ভেসে গেছে মত্স্য খামার ও জলাশয়
 
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা জানান, উপজেলায় বন্যায় ভেসে গেছে পাঁচ শতাধিক মত্স্য খামার ও জলাশয়। মত্স্য চাষিরা নিজ উদ্যোগে এনজিও ও ব্যাংকসহ বিভিন্ন বীমা এবং চড়া সুদে স্থানীয় মহাজনদের নিকট থেকে ঋণ নিয়ে বাণিজ্যিকভাবে মত্স্য চাষ করেন। গত কয়েক দিনের বন্যায় তাদের মত্স্য খামার ও জলাশয়ের মাছগুলো পানিতে ভেসে যায়। এতে ক্ষতির পরিমাণ আনুমানিক কোটি টাকা।
 

উপজেলা মত্স্য দপ্তর থেকে জানা যায়, এ উপজেলায় ৫শ ৩১টি মত্স্য খামার রয়েছে। সরকারিভাবে বন্যায় ১শ ২৫টি মত্স্য খামার ও জলাশয়ের মাছ বন্যার পানিতে ভেসে গেছে।