মঠবাড়িয়া পৌরসভার দক্ষিণ বন্দর এলাকা প্রতিদিন দু’বার খালের জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে। ফলে খালের জোয়ারের পানি উপচে শহরের দক্ষিণ বন্দর এলাকার ৫ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও ২ সহস্রাধিক পরিবার চরম দুর্ভোগে পড়েছে।
ভুক্তভোগীরা জানান, শহরের প্রাণকেন্দ্রের খাল উপচে জোয়ারের পানি ঢুকে পড়ছে। এতে দক্ষিণ বন্দর সেতু থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার সড়কে ৩-৪ ফুট পানিতে তলিয়ে যাচ্ছে। উল্লেখিত এলাকার ৫ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানের ভেতর পানি ঢুকেছে। ওইসব প্রতিষ্ঠানের ব্যবসা কার্যক্রম বন্ধসহ মানুষের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। পানিতে ব্যবসা প্রতিষ্ঠানের মজুত মালামাল নষ্ট হচ্ছে।
স্থানীয়রা অভিযোগ করেন, দক্ষিণ বন্দর খালের মোহনায় পানি উন্নয়ন বোর্ড একটি অপরিকল্পিত ও অপ্রশস্ত স্লুইস গেট নির্মাণ করে। ওই স্লুইস গেটের পানি অপসারণের দরজা ছোট। তাই ঠিকমতো পানি অপসারিত হচ্ছে না। শহরের তিন দিকের খালের দু’পাড় অবৈধ দখল করে শত শত পাকা স্থাপনা নির্মাণ করে খালটি সংকুচিত করে ফেলায় পানি প্রবাহ অকার্যকর হয়ে পড়ছে।
মঠবাড়িয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আব্দুস ছালেক বলেন, শহরের ওই এলাকাটি অপেক্ষাকৃত নিচু। তাই অতি জোয়ারের প্লাবনে সহজেই পানি ঢুকে পড়ছে। ওই পানির প্লাবন রোধে শহর রক্ষা বাঁধ ও সড়ক উঁচু করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।
