'পুলিশের ওপর হামলা', ২ শিবির নেতা গুলিবিদ্ধ

আপডেট : ০৫ আগস্ট ২০১৬, ১০:৪৬
যশোরের চৌগাছা উপজেলার দুই ছাত্রশিবির নেতা পুলিশের গুলিতে আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে তল্লাশি চেকপোস্টে ‘পুলিশের ওপর হামলা’ করে পালিয়ে যাওয়ার সময় তারা গুলিবিদ্ধ হন। 
 
আহতরা হলেন- চৌগাছা উপজেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক উপজেলার স্বরূপদহ ইউনিয়নের চুটারহুদা গ্রামের আব্দুর রহমানের ছেলে ইসরাফিল হোসেন (২০) এবং উপজেলা শাখার সাহিত্য সম্পাদক নারায়ণপুর গ্রামের ইমদাদুল হকের ছেলে রুহুল আমিন (১৯)। 
 
তবে এই দুই নেতার পরিবারের সদস্যরা দাবি করেছেন, বুধবার রাতে পুলিশ এই দুইজনকে ধরে নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে পরিবার দুটির সদস্যরা চৌগাছা থানার হাজতখানায় গিয়ে ইসরাফিল ও রুহুলের সাথে দেখাও করেন। আর বৃহস্পতিবার রাতে ইসরাফিল ও রুহুল গুলিবিদ্ধ হয়েছেন বলে পুলিশই দুই পরিবারকে জানায়। 
 
চৌগাছা থানার ওসি এম মসিউর রহমান জানান, ‘বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চৌগাছা- মহেশপুর সড়কের বুন্দলিতলায় টহল পুলিশ অবস্থান করছিল। এ সময় ওই রাস্তা দিয়ে দুটি মোটরসাইকেল যেতে দেখে পুলিশ তাদের গতিরোধের সিগনাল দেয়। কিন্তু মোটরসাইকেল আরোহীরা পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ে। এতে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সিরাজুল ইসলাম ও কনস্টেবল জহিরুল হক আহত হন। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে ৫-৭ রাউন্ড গুলি ছুড়লে দুই তরুণ আহত হয়। পুলিশ তাদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে রাত ১২টার দিকে তাদের যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়। 
 
ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে দুটি বোমা, একটি রামদা, শিবিরের চাঁদা আদায়ের রশিদ এবং ‘জিহাদি’ বই উদ্ধার করা হয়েছে।