কেরাণীগঞ্জে অপহৃত ব্যবসায়ী উদ্ধার

আপডেট : ০৫ আগস্ট ২০১৬, ১০:৫৯
রাজধানীর কদমতলী থানার মুরাদনগর এলাকা থেকে অপহৃত মিষ্টি ব্যবসায়ী নারায়ণ ঘোষকে (৫৪) উদ্ধার করা হয়েছে। প্রসঙ্গত, বৃহস্পতিবার ভোরে তিনি অপহৃত হন।
 
বৃহস্পতিবার দিবাগত রাতে কেরাণীগঞ্জ থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত অভিযোগে আলমগীর (৪৩), রানা (৩০) ও রইস উদ্দিন (৫০) নামে তিনজনকে আটক করেছে পুলিশ।
 
জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় তিনজন লোক তার দোকানে এসে ৫০ কেজি মিষ্টির অর্ডার দেয়। অর্ডারের অগ্রিম টাকা দেয়ার কথা বলে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে তাকে কদমতলীর মুরাদনগর এলাকায় নিয়ে যায়। পরে তাকে জিম্মি করে তার ভাতিজা প্রসেনজিতের মোবাইল ফোনে অপহরণকারীরা দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। অপহরণকারীদের দেয়া বিকাশ নম্বরে দুই দফায় মোট ৪০ হাজার টাকা পাঠানো হয়।
 
কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনসারি জিন্নৎ আলী জানান, অপহৃত ব্যবসায়ীর ভাতিজার অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা নজরদারির ভিত্তিতে আলমগীরকে আটক করা হয়। তার দেয়া তথ্য অনুযায়ী রাতে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে অপর দুই অপহরণকারীকে আটক করা হয়।