সানিয়ার ভূমিকায় কে থাকছেন, আলিয়া না পরিনীতি?

আপডেট : ০৫ আগস্ট ২০১৬, ১১:২২
ফারাহ খান পরিচালিত সর্বশেষ ছবি ছিল 'হ্যাপি নিউ ইয়ার'। শাহরুখ-দীপিকা অভিনীত এই ছবি বক্স অফিসে বেশ সফল হয়। তবে 'হ্যাপি নিউ ইয়ার' মুক্তির পর কেটে গেছে প্রায় দেড় বছর‚ এর মধ্যে ফারাহ আর কোনো ছবি বানাননি। তাই সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে আবার তার নতুন ছবি মুক্তি পাবে।
 
বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, ফারাহ খান একটা ছবির স্ক্রিপ্ট লিখেছেন। ছবির গল্প দুই তরুণীর জীবনকে ঘিরে। শোনা যাচ্ছে, ফারহা নাকি ইতোমধ্যেই আলিয়া ভাট এবং পরিনীতি চোপড়ার সঙ্গে কথা বলেছেন এই নিয়ে।
 
তাকে এই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, ‘হ্যাঁ, আমি একটা স্ক্রিপ্ট লিখেছি। কিন্তু এখনো কিছুই চূড়ান্ত হয়নি। এমনকি, এটাও জানি না, এই ছবিটা আমার পরবর্তী ছবি হবে কী না।'
 
অন্যদিকে, আবার এও শোনা যাচ্ছে, ফারাহ নাকি টেনিস তারকা সানিয়া মির্জার বায়োপিক তৈরি করতেও বেশ আগ্রহী। তবে তাকে এই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি এ কথারও কোনো স্পষ্ট উত্তর দেননি।
 
তিনি বলেছেন, 'সানিয়া আমার খুব কাছের বন্ধু। আমার বিশ্বাস, তার জীবন নিয়ে বায়োপিক বানালে তা দারুণ রোমাঞ্চকর হবে। তার আত্মজীবনী এখনো আমার পড়া হয়নি। সানিয়া তো এখন দেশে নেই‚ অলিম্পিক থেকে ফিরুক। তারপর না হয় তার সঙ্গে এই ব্যাপারে কথা বলবো।'
 
‘যদি সত্যিই সানিয়ার বায়োপিক তৈরি হয় তাহলে কোন নায়িকাকে এই চরিত্রে মানাবে' এই প্রশ্ন ফারাহকে করা হলে তিনি জানিয়েছেন, 'আলিয়া বা পরিনীতি দুজনকেই এই চরিত্রে ভালো মানাবে। তবে যে ভালো টেনিস খেলতে পারবে তাকে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে।'