সুন্দরবনে দস্যু আস্তানা-ওয়াচ টাওয়ার ধ্বংস

আপডেট : ০৫ আগস্ট ২০১৬, ১৩:৪৫
সুন্দরবনে দস্যু দমনে বিশেষ অভিযান ‘অপারেশন পাইরেটস হান্ট’র দ্বিতীয় দিনে দস্যুদের আস্তানা ও ওয়াচ টাওয়ার ধ্বংস করেছে যৌথ বাহিনী।
 
শুক্রবার সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালায় নৌ বাহিনী ও কোস্টগার্ডের যৌথ বাহিনী।
 
অভিযানের সময় কোকিলমনি, হাড়বাড়িয়া, হিরণ পয়েন্ট, আকরাম পয়েন্ট ও দুবলার চর এলাকায় দস্যুদের ব্যবহৃত ৮/১০টি আস্তানার সন্ধান পায় যৌথ বাহিনী। পরে বন বিভাগের সহায়তায় দস্যু আস্তানার বিভিন্ন স্থাপনা আগুনে পুড়িয়ে দেয় অভিযানকারীরা।
 
জানা গেছে, কোস্টগার্ডের সব স্টেশন থেকে একযোগে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে নৌ বাহিনী ও কোস্টগার্ডের দুই জাহাজসহ ৮টি আধুনিক জলযান রয়েছে।
 
সুন্দরবনের দস্যু নির্মুল ও জিম্মি জেলেদের উদ্ধারের লক্ষে বৃহস্পতিবার থেকে কোস্টগার্ড ও নৌ বাহিনী অপারেশন পাইরেটস হান্ট শুরু করে।